১:৫২ পূর্বাহ্ণ
গর্ভবতী প্রেমিকাকে হত্যা করে মাটিতে গুম, যুবকের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের তাড়াইলে গর্ভবতী প্রেমিকাকে নৃশংসভাবে হত্যার পর মাটিতে পুঁতে লাশ গুম করার মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জের নারী ও নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক জেলা জজ কিরণ শঙ্কর হালদার এই রায় ঘোষণা করেন।
অপরাধ বিবেচনায় রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়। মামলার একমাত্র আসামি ঘাতক এমদাদুল হক জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের জনৈক আবদুল কুদ্দুছের ছেলে। ভিকটিম একই উপজেলার গজেন্দ্রপুর গ্রামের জমির উদ্দিনের মেয়ে শাহনাজ।
মামলার বিবরণে জানা গেছে, এমদাদুল হক মোবাইলে শাহনাজের সঙ্গে প্রেম করে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে শাহনাজ গর্ভবতী হলে বিবাহের জন্য এমদাদুল হককে চাপ দিতে থাকে। এমন পরিস্থিতিতে ২০১৭ সালের ২১ মে রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শাহনাজ। পরে ২৬ মে পূর্ব জাওয়ার কান্দিপাড়া গ্রামের জনৈক পলাশ খানের পতিত জমিতে মাটিচাপা অবস্থায় শাহনাজের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহনাজের মা খাইরুন্নেছা বাদি হয়ে এমদাদুল হককে আসামি করে মামলা রুজু করেন। ২৮ মে এমদাদুল হককে গ্রেফতারের পর পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ তদন্তশেষে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এম এ আফজল এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।