১১:২৫ পূর্বাহ্ণ
জালালপুরে প্রবাসী আওয়ামী লীগ নেতা তওয়াহিদের খোঁজে পুলিশের অভিযান
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক তুখোড় নেতা ও বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ তওয়াহিদুর রহমানকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
তওয়াহিদুর রহমান খতিরা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মরহুম ফজলুর রহমানের পুত্র। জানা যায়, গতকাল ১০ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে মোগলাবাজার থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেছে। তবে এসময় তওয়াহিদুর রহমানকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে পুলিশ খারাপ আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে অভিযানের কথা স্বীকার করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এসএম মাঈন উদ্দিন বলেন, অসমর্থিত একটি সুত্রে আমরা খবর পাই নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তওয়াহিদুর রহমান তার বাড়ীতে অবস্থান করছেন। এমন খবরে আমরা তার গ্রামের বাড়ীতে গতরাতে অভিযানে যাই। তবে তাকে পাওয়া যায়নি।
জানা যায়, মোঃ তওয়াহিদুর রহমান সিলেট দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন। বর্তমানে তিনি যুক্তরােজ্য অবস্থান করছেন বলে জানিয়েছেন তার বাড়ির লোকজন। বাড়ির লোকজন জানান, এর আগেও একাধিকবার তওয়াহিদুর রহমানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
এছাড়া ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।