১১:৪০ অপরাহ্ণ
‘গুচ্ছগ্রাম’ বিনিয়োগে মুনাফার প্রলোভন বৃদ্ধের পেনশনের ৮লাখ টাকা আত্মসাৎ
সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প-১’র কাজে অর্থ বিনিয়োগে মুনাফার প্রলোভন দেখিয়ে এক নিরীহ বৃদ্ধের ৮ লাখ ২০ হাজারা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা কৌশলে হাতিয়ে নিয়েছে বৃদ্ধের পেনশনের এই টাকা।
শত চেষ্টা করে টাকা উদ্ধার করতে না পেরে অবশেষে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে, সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (বিশ্বনাথ সি.আর মামলা নাম্বার-০৩-২০২০ইং, ধারা-৪২০/৪০৬/৫০৬(২)) দিয়েছেন ভুক্তভোগী অসুস্থ ফয়েজ উল্লাহ (৬০)। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের মৃত মিলফত উল্লাহর ছেলে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সিনিয়র স্টাফ ছিলেন। মামলায় অভিযুক্তরা হলেন, গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ বারকোট গ্রামের সিরাজ মাস্টারের ছেলে জয়নুল হক জাহাঙ্গীর ও দক্ষিণ সুরমা থানার খোজারখলা গ্রামের আবুল হোসেনের ছেলে সালেহ আহমদ।
মামলার এজাহারে উল্লেখ, ফয়েজ উল্লাহ ক্যান্সারে আক্রান্ত হয়ে সরকারি চাকুরী থেকে সেচ্ছায় অবসর নেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অবসরভাতা হিসেবে ১৭ লক্ষ ২৫ হাজার টাকা পান তিনি। বিশ্ববিদ্যালয়ে চাকুরীর সুবাধে ও মেয়ের শশুড় গোলাপগঞ্জে হওয়ায় অভিযুক্ত জয়নুল হক জাহাঙ্গীর ও সালেহ আহমদের সাথে তার পরিচয় হয়।
এক পর্যায়ে তার অবসরভাতা প্রাপ্তির খবর পেয়ে অভিযুক্তরা গ্রামের বাড়িতে গিয়ে ঘন ঘন তার অসুস্থতার খোঁজ-খবর নিতে শুরু করে। তখন বিশ্বনাথের খাজান্সি ইউনিয়নের গোবিন্দনগর বিলপার গ্রামে, ‘ছিন্নমূল মানুষের মাথা গোঁজার ঠাঁই, প্রধানমন্ত্রীর পূষণী গুচ্ছগ্রাম প্রকল্পে’র কাজ চলছিল। অভিযুক্তরা প্রকল্পের কাগজাদি দেখিয়ে বৃদ্ধকে জানায়, প্রধানমন্ত্রী নিজে তাদেরকে ১শ ৫০টি ঘর তৈরীর কন্ট্রাক দিয়েছেন।
এখানে ঋণ হিসেবে টাকা বিনিয়োগ করলে মুনাফাসহ ফেরত দেয়ার লোভ দেখায়। এক পর্যায়ে ২০১৭ সালের ২৩ এপ্রিল প্রথম ধাপে ৩ লক্ষ্য টাকা দেন ফয়েজ উল্লাহ। পরে ১৭ সেপ্টেম্বরে আরো ২ লক্ষ্য ও নগদ আরও ৩ লক্ষ ২০ হাজার টাকা দেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর টাকা চাইলে, দিব-দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে তাকে অভিযুক্তরা।
পরে পাওনা টাকা অস্বীকার করিয়া তাকে প্রাণে হত্যার হুমকিও দেয় তারা। অভিযোগ অস্বীকার করে সালেহ আহমদ সাংবাদিকদের বলেন, জয়নুল হক জাহাঙ্গীর আমার পূর্ব পরিচিত। তার আবদারে আমার নিজস্ব মোটরসাইকেলে হাজী ফয়েজ উল্লাহ’র বাড়িতে একদিন গিয়েছিলাম। তাদের মধ্যে কি কথা-বার্তা বা লেনদেন হয়েছে তা আমার জানানেই। জানতে চাইলে অভিযুক্ত জয়নুল হক জাহাঙ্গীর বলেন, যে অভিযোগ তিনি (ফয়েজ উল্লাহ) দিয়েছেন, সে বিষয়ে উনার সাথে আলাপ আলোচনা হয়েছে। কিছুটা টাকাও দেয়া হয়েছে। এটি সমাধানের পর্যায়ে আছে।