৭:৫০ অপরাহ্ণ
কাউনিয়ায় মহাসড়কে ভুট্টার আড়ালে মাদক, গ্রেপ্তার ৩
রংপুরের কাউনিয়ায় কৃষিপণ্য ভুট্টার আড়ালে গাঁজা পরিবহনের সময় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার উপজেলার মীরবাগ কদমতলা বাজারে মেনাজ ফিলিং স্টেশনের সামনে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা সদরের দিঘার পাড়া ভাইডাঙ্গা গ্রামের আবদুর রশিদ খানের ছেলে ট্রাক চালক জহুরুল হক লিটন (৩৯), টাঙ্গাইল কালিহাতীর গোহালিয়াবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে ট্রাকের হেলপার জুয়েল রানা (৩৬) এবং লালমনিরহাটের হাতীবান্ধার পূর্ব সরডুবি গ্রামের ফজলুল হকের ছেলে নুর আলম (২০)।
র্যাব-১৩ (রংপুর) এর এএসপি ও মিডিয়া কর্মকর্তা সামুয়েল সাংমা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার মীরবাগ এলাকার কদমতলা বাজার এলাকার মেনাজ ফিলিং স্টেশনের সামনের রংপুর কুড়িগ্রাম মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি ট্রাক আটক করা হয়।
এ সময় ভুট্টাভর্তি ট্রাকটি তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ট্রাকটির চালকসহ তিনজনকে আটক করা হয়। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাসুমুর রহমান জানায়, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।