৭:৪২ অপরাহ্ণ
ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ ফেইসবুকে ছেড়ে দেয়ার হুমকি : ২ লাখ টাকা দাবি
কুলাউড়ায় যুবলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে গনধর্ষণ মামলা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালিক বক্সের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বী এক নারীকে (৩৪) সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগ উঠেছে।
তিনি হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান ওয়াদুদ বক্সের ভাই। ধর্ষণের পর ওই নারীর ভিডিও ও ছবি ধারণ করে ২ লাখ টাকা না দিলে সেটি সোশ্যাল মিডিয়ায় (ফেইসবুকে) ভাইরাল করে দেয়ার হুমকি দেন বলেও ছালিক বক্স ও তার সহযোগিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ছালিক বক্সকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে ০৩ জুলাই সোমবার রাতে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ।
মামলায় হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বক্সের ভাই ছালিক বক্স (৪০) ছাড়াও সোনাপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুর রহমানকে (৩২) এবং পার্শ্ববর্তী শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে হাসানুল বারী সানী (৩৫) কে আসামী করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন মৌলভীবাজার শহরের এক নারী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। বাসায় ওই নারীকে রেখে ব্যবসায়ী আত্মীয় বাজারে তার দোকানে যান।
রাতে ওই নারী বাসায় একা থাকার সুযোগ নিয়ে ছালিক বক্স ও তার সহযোগীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ধর্ষণকালে আসামিরা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করেন। ২ লাখ টাকা না দিলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। মানসম্মানের ভয়ে ওই নারীর আত্মীয় তাদের ৫০ হাজার টাকা দেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস ছালেক জানান, মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।