১১:৩৬ অপরাহ্ণ
মেঘনার স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামির ২দিনের রিমান্ড ও অপরজনের ১দিনের রিমান্ড
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি জেলা পরিষদ সদস্য (মেঘনা) মো. কাইয়ুম হোসাইনকে ২দিনের রিমান্ড ও অপর আসামী দুলাল মিয়াকে ১দিনের রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার দুপুরে দু'জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিজ্ঞ বিচারক আব্বাস উদ্দিন এ আদেশ প্রদান করেন।
এর আগে বুধবার রাতে কাইয়ুম ও দুলালকে ঢাকার পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মেঘনা থানার ও.সি (তদন্ত) বিল্লাল হোসেন জানান, মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিন সরকার হত্যা মামলার এ পর্যন্ত গ্রেপ্তারকৃত ৮জনের মধ্যে ৪জন আদালতে ১৬৪ধারায় জবানবন্দি দিয়েছে।
এরমধ্যে মো. কাইয়ুম হোসাইনের বিরুদ্ধে ৩টি হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। অপর আসামী দুলালের বিরুদ্ধে একটি হত্যাসহ মোট ৩টি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি জেলা পরিষদ সদস্য (মেঘনা) মো. কাইয়ুম হোসাইনকে বুধবার ঢাকার জুরাইন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এবং ঢাকার আজিমপুর থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। সে চালিভাঙ্গা গ্রামের বাসিন্দা।এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ও.সি) মুহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৮জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন সরকারকে কুপিয়ে ও বুকে টেটা বিদ্ধ করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই মো. টিটু সরকার বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।