১২:১৫ অপরাহ্ণ
নির্মমতার শিকার পশু
জালালপুরে পূর্ব শত্রুতার জেরে খামারে আগুন পুড়ে ছাই ১০টি গরুসহ শতাধিক পোল্ট্রি মুরগী
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আজমতপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একটি খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গ্রামের রফিক মিয়ার পুত্র সাহিদ ইকবাল সাজুর অন্তত ১০টি গরুসহ শতাধিক পোল্ট্রি মুরগী পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোরে। এমন নির্মম ঘটনায় গোটা এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এমন ঘটনায় সবকিছু হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে সফল খামারী সাহিদ ইকবাল সাজুর। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা লোকমান জড়িত বলে অভিযোগ করেছেন সাহিদ ইকবাল সাজু। জানা যায়, আজ শুক্রবার ভোরবেলা আনুমানিক ৫ টার দিকে খামারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে সাজুর চাচাতো ভাই রাজু চিৎকার দিতে থাকেন। এতে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
একইসাথে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থলে আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই খামারে থাকা অন্তত ১০টি গরুসহ পোল্ট্রি মুরগীগুলো পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে খামারের মালিক সাহিদ ইকবাল সাজু অভিযোগ করে বলেন, তার পাশের বাড়ির বাসিন্দা প্রভাবশালী আওয়ামীলীগ নেতা লোকমানের সাথে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ চলে আসছিল। তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে লোকমান খামারে আগুন দিয়েছেন।
লোকমান প্রভাবশালী হওয়ায় স্থানীয় পুলিশও মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ বলেন, এমন একটি ঘটনার খবর আমি পেয়েছি। এর বাইরে কোন কিছু বলতে রাজী নয় তিনি।