১০ :২৫ অপরাহ্ণ
যুক্তরাজ্য যুবদল নেতা বেলালের বাড়িতে পুলিশের অভিযান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ সুরমা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী শাহ মো. বেলাল আহমদ জুয়েলের বাড়িতে অভিযান চালিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।
এসময় বেলালকে না পেয়ে তার পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। বেলাল আহমদ জুয়েল জালালপুর ইউনিয়নের মোকামদোয়ার গ্রামের মৃত আরিজ আলীর পুত্র।
জানা যায়, বেলালের সন্ধানে তাদের বাড়িতে যায় মোগলাবাজার থানার একদল পুলিশ। তবে বেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বেলালের মা ছুরেতুননেছা অভিযোগ করে বলেন গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে একদল পুলিশ আমাদের বাড়িতে এসে বেলালকে খুজতে থাকে এবং ঘরের দরজা খুলে দিতে বলে।
পরক্ষণে আমি দরজা খুলে দিলে পুলিশ ঘরে প্রবেশ করে বেলাল কোথায় জানতে চায়। উত্তরে আমি বলি, বেলাল বাংলাদেশে নেই। সে এখন লন্ডনে থাকে। এরপর আমি জিজ্ঞেস করি কেন বেলালকে খুঁজছেন তারা।
তখন পুলিশ জানায় বেলালের নামে মামলা রয়েছে এবং প্রয়োজনে আরো মামলা হবে। এছাড়া কোর্ট থেকে ওয়ারেন্ট জারি হয়েছে তার বিরুদ্দে। ছুরেতুননেছা আরো অভিযোগ করে বলেন, পুলিশ আমার ছেলেকে না পেয়ে আমাদের সাথে খারাপ আচরণ করেছে এবং ভয়ভীতি দেখিয়েছে।
এছাড়া তারা বাড়ির সবগুলো কক্ষ তল্লাশি করে তছনছ করে দিয়েছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন বেলালের পরিবারের লোকজন। পুলিশ যাওয়ার পরে চেয়ারম্যান ওয়েস আহমদ তাদের বাড়িতে আসেন এবং শান্তনা দেন।
পুলিশের এমন আচরণে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে বেলালের পরিবার। এ ব্যাপারে জানতে চাইলে মোগলাবাজার থানার এসআই পলাশ বলেন, শাহ মো. বেলাল আহমদ জুয়েলের বিরুদ্ধে মামলা রয়েছে এবং গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে।
তাই আমরা তাকে গ্রেফতার করতে গিয়েছিলাম। তবে পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণের অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে মন্তব্য করেন তিনি।