১০ :০ ৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ডাকাত আটক
সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ জাফরুল হোসেন (২২) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট -কোম্পানীগঞ্জ -ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি ভাঙ্গা ব্রীজ নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। আটক জাফরুল কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্নি কান্দিবাড়ির নিজাম উদ্দিনের পুত্র।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আটক জাফরুল ও তার সহযোগী ৬-৭ জন সিলেট -ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি ভাঙা ব্রীজ এলাকায় গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সূত্রে তথ্য পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপেশ চন্দ্র দাস ও সহকারী উপ-পরিদর্শক জিতু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে জাফরুল।
এসময় ছুরি, রশি, রামদা ও জিআই পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের কোড়ালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় জাফরুল ও তার সহযোগী পলাতক ৬ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামী করে মামলা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আটক জাফরুল ও তার সহযোগীরা মহাসড়কে রশি টেনে ডাকাতি করার প্রস্তুতি নেয়। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।