৭:৫২ অপরাহ্ণ
বিএনপির অফিস ভাংচুরের মামলায় আসামী হলেন মাহমুদ মিয়া
এবার বিএনপির অফিস ভাংচুরের মামলায় আসামী করা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হকের ভাতিজা মাহমুদ মিয়াকে।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকার বাসিন্দা ও মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।
জানা যায়, গত ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর নূর বাদী হয়ে মিরপুর বাজারে স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর ও জ্বালানো এবং বাজারে ঝটিকা মিছিলের অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে প্রথম আসামী করে মোট ৪৯ জনের নামে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা নম্বর- ১২/১৯.১১.২৪ ইং। মামলাটিতে আওয়ামী লীগ নেতা মাহমুদ মিয়াকে ৪৪ নম্বর আসামী করা হয়েছে। এদিকে, মামলার দায়েরের পর গণমাধ্যমে মাহমুদ মিয়া মামলাটিকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন।
তিনি জানান, শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকা এবং তার চাচা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এ কারণেই তার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কে বা কারা স্থানীয় বিএনপির অফিসে ভাংচুর করেছে, আগুন দিয়েছে তাতে আমরা যারা আসামী রয়েছি তাদের নূন্যতম কোন সংশ্লিষ্টতা নেই। শুধু রাজনৈতিক কারণেই এ মামলা।
তিনি সাংবাদিকদের প্রশ্ন রেখে বলেন, আপনাদের কি বিশ্বাস হয় সাবেক পরিকল্পনা মন্ত্রী মহোদয় এসব কাজে জড়িত থাকবেন? এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মখলিছুর রহমান আখন্দ বলেন, এ বিষয়ে একটি মামলা থানায় রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।