৬:৫০ অপরাহ্ণ
পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ক্যাম্পাস শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে --সিকৃবি ভিসি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
‘নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’। ১ এপ্রিল (বুধবার) সকাল ৯ ঘটিকায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার প্রতিফলন। ক্যাম্পাস থেকে শুরু হোক পরিচ্ছন্নতার আন্দোলন।
একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ক্যাম্পাস শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে পারলে তা ধীরে ধীরে সমাজব্যাপী বিস্তৃত হবে, যা একটি সুন্দর ও টেকসই বাংলাদেশের ভিত্তি করবে। তিনি আরও বলেন, শুধু নির্দিষ্ট দিনে নয়, প্রতিদিনের অভ্যাস হিসেবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। প্লাস্টিক বর্জ্য কমানো, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসকে দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে পারি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন,বিভিন্ন অনুষদীয় ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান সহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিবসটি উপলক্ষে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান চলে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ টিএসসি ভবনের সম্মুখ হতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। তারা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য, শুকনো পাতা, ছেড়া কাগজ ইত্যাদি আবর্জনা পরিষ্কার করেন। এসময় প্রশাসন ভবন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, টিএসসি, লেকসাইড চত্বর, শহীদ মিনার সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিষ্কার করা হয়। পরে ভিসি ড. আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১০টি পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করেন।