৯:৫৭ অপরাহ্ণ
জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে আসামীর পলায়ন : সর্বত্র তোলপাড়
সিলেটের জকিগঞ্জ থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে রাসেল আহমদ রাসু (২৪) নামের গ্রেফতারকৃত চুরির মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি পলায়ন করেছে। সে জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। চুরির মামলায় বুধবার সকাল সাতটার দিকে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে রেখেছিলো পুলিশ।
সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে রাসেল আহমদ রাসু। তাকে আবারও গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। রাত ৯ টায় এ সংবাদ লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের একটি সূত্র জানায়, রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙ্গে চুরির একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
বুধবার সকালে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে রাখা হয়। সকাল ১০টার দিকে থানা হাজতে তাকে পাওয়া যায়নি। এ সময় থানার ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, তাকে গ্রেফতারে অভিযান চলছে। কিছু সময়ের মধ্যে গ্রেফতার করে বিস্তারিত বলা যাবে।