৮:০ ৯ অপরাহ্ণ
শাল্লায় ডাক্তারকে হুমকি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি
নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রবিউল আকরাম। রবিবার দিবাগত রাত ১২ টায় শাল্লা থানায় এই জিডি করেন তিনি। যার জিডি নং ৭৫৪ তারিখ ১৮/০৯/২২ইং। জিডি সুত্রে জানা গেছে, সন্ধ্যা ৭.৪৭ মিনিটি আবাসিক মেডিকেল কর্মকর্তার মোবাইলে ফোন দিয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এমনকি শাল্লা হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের পক্ষ নিয়ে আবাসিক মেডিকেল কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এই হুমকি দেয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিও রেকর্ডে চেয়ারম্যান আব্দুস ছাত্তার আবাসিক মেডিকেল কর্মকর্তাকে সাশিয়ে বলেন, ওই মহিলাকে আমরা চাচ্চি। আপনি কেন বেশি বাড়াবাড়ি করছেন। আপনার যদি ভাল না লাগে শাল্লা থেকে চলে যান।
তবুও ওই মহিলার বিরুদ্ধে কথা বলা যাবে না। আর যদি বলেন তাহলে কাল আসছি হাসপাতালে আপনাকে দেখে নেব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার শাল্লায় যোগদানের পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি করেছেন। কোভিড ১৯ স্বেচ্চাসেবীদের ৮ লাখ ৮২ হাজার টাকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এই অভিযোগের তদন্ত করে সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় সত্যতা পান।
এরপর থেকেই হাসাপাতালের ডাক্তারদেরকে কোনো কারন ছাড়াই কারন দর্শানোর নোটিশ দেন। আর এসবের প্রতিবাদ করাতেই স্বাস্থ্য কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তারকে দিয়ে এই হুমকি দিয়েছেন বলে জানান ডা. রবিউল আকরাম। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জীবনের নিরাপত্তা চেয়ে ডাক্তার রবিউল আকরাম জিডি করেছেন। জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।