৬:১২ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় ছাত্রলীগের আগুনে শিবির নেতার বসতঘর পুড়ে ছাই
দক্ষিণ সুরমায় এক শিবির নেতার বসত ঘরে ছাত্রলীগ নেতাকর্মীরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় কায়স্থরাইল বারখলা এলাকায় ওই শিবির নেতার বাড়িতে জয় বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । সিলেট মহানগরীর ২৫ নং ওয়ার্ড শিবিরের সভাপতি আব্দুল মালিক খান ইমরানের বাসায় দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এসময় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ২৫ নং ওয়ার্ড শিবিরের সভাপতি ইমরানের বাড়িতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেল এসে আগুন লাগিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের লেলিহান শিখায় ঘর-বাড়ি ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র।
আগুনের লেলিহান শিখায় বসতঘর ও আসবাবপত্র পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত শিবির নেতার পরিবারের । স্থানীয়রা জানান, সন্ধ্যায় ১৫ থেকে ২০টি মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তাদের হাতে থাকা গ্যালনভর্তি দাহ্য পদার্থ ঢেলে আগুনের সূত্রপাত ঘটায়। এতে দ্রুত সবখানে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় আগুনের লেলিহান শিখা দেখে পাশের বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্রশিবির নেতা আব্দুল মালিক খান ইমরানের পরিবার সূত্র জানান,ইমরান দীর্ঘদিন থেকে জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। সে বর্তমানে লন্ডনে অবস্থান করছে।
সেখানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং বর্তমান সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে লেখালেখি করছে। তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের পরিবারের লোকজনের উপর বিভিন্ন সময় নির্যাতন করে আসছে বর্তমান সরকারদলীয়রা। এরই ধারাবাহিকতায় গতকাল তাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা জানান, ভাগ্য ভালো কেউ ঘরে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, ২৫ নং ওয়ার্ড শিবির সভাপতির বাড়িতে কে বা কাহারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তারা দীর্ঘদিন থেকে লক্ষ করছেন শিবির নেতা ইমরান লন্ডনে বসে আওয়ামী লীগ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ছাত্রলীগকে নিয়ে নানা ধরনের কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে যাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগ আদর্শের রাজনীতি করে, তাই কারো বসতবাড়ীতে আগুন দেওয়ার প্রশ্নই আসে না। ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তাকবির হোসেন পিন্টু ও সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান আশিক জানান, ইমরানের বাড়িতে আগুনে পুড়েছে শুনে তারা সেখানে গিয়ে দেখে এসেছেন। তবে কে বা কাহারা কি কারণে আগুন দিয়েছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান আশিক জানান, ছাত্রলীগ আদর্শের ও জনগণের রাজনীতি করে। তাই ইমরানের বাড়ির ঘটনায় সরকার দলীয় কারো জড়িত থাকার প্রশ্নই আসে না। দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাহ্য পদার্থ থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।