৯:৪৫ অপরাহ্ণ
কলেজ ছাত্রী চাপা দেয়ার ঘটনায় বাস চালক আটক
গত ৩০ আগস্ট সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন আটগ্রাম এলাকায় স্থানীয় লুৎফর রহমান স্কুল এন্ড কলেজ এর ফাতিমা বেগম ও ছাদিকা আক্তার নামের ২ শিক্ষার্থীকে বেপরোয়া গতির বাস চাপা দিলে ঘটনাস্থলে ফাতিমা আক্তারের মৃত্যু হয়। অপর শিক্ষার্থীকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক বলে জানান।
ঘটনা পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা পুলিশ গাড়ীর হেল্পার সাবু মিয়াকে ৩১ আগস্ট আটক করলেও এ ঘটনার মূল হোতা গাড়ী চালক দুলাল পলাতক ছিলো ফলে এলাকাবাসির মনে চাপা ক্ষোভ বিরাজ করছিলো। সিলেট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন যোগদানের পর বিষয়টি জানার সাথে সাথে জকিগঞ্জ থানা পুলিশ কে চালক দুলাল-কে আটকের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের সাবির্ক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট মেট্রোপলিটনের শাহপরান থানাধীন মেজরটিলা এলাকা হতে অদ্য ২ সেপ্টেম্বর ভোর রাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নিদের্শনা অনুসারে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে সিলেট জেলা পুলিশ সর্বদা তৎপর। তারই ধারাবাহিকতায় মূল হোতা চালককে গ্রেপ্তার করা হয়েছে।-বিজ্ঞপ্তি