১১:১৩ পূর্বাহ্ণ
যুক্তরাজ্য প্রবাসী ছাত্রদল নেতা শাহ ছালেহ আহমদের বাসায় পুলিশের অভিযান
স্টাফ রিপোর্ট:: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার চরমোহাম্মদপুর ফকিরপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা শাহ ছালেহ আহমদের বাসায় অভিযান চালিয়েছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ।
এসময় ছালেহ আহমদকে না পেয়ে বাসার আসবাবপত্র ভাংচুর ও পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাত ১.৪৫ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, চরমোহাম্মদপুর ফকিরপাড়া গ্রামের মতছির আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ছালেহ আহমদের সন্ধানে তাদের বাড়িতে যায় মোগলাবাজার থানার একদল পুলিশ। তবে ছালেহ আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ছালেহ আহমদের পিতা মতছির আলী অভিযোগ করে বলেন সোমবার রাত ১.৪৫ টার দিকে মোগলাবাজার থানার একদল পুলিশ আমাদের বাসায় এসে ছালেহ আহমদকে খুজতে থাকে এবং দরজা খুলে দিতে বলে। পরক্ষণে আমি দরজা খুলে দিলে পুলিশ ঘরে প্রবেশ করে ছালেহ কোথায় জানতে চায়। উত্তরে আমি বলি, ছালেহ আহমদ বাংলাদেশে নেই।
এরপর আমি জিজ্ঞেস করি কেন ছালেহকে খুঁজছেন তারা। তখন পুলিশ জানায় ছালেহ আহমদের নামে মামলা রয়েছে এবং আরো মামলা হবে। ছালেহ আহমদের পিতা আরো অভিযোগ করে বলেন, পুলিশ ছালেহকে না পেয়ে তাদের সাথে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি দেখায়।
এসময় ঘরের আসবাবপত্রও ভাংচুর করা হয়। এতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে ছালেহ আহমদের পরিবার। এ ব্যাপারে জানতে চাইলে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন বলেন, ছালেহ আহমদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়েছিল। তবে পরিবারের সদস্যদের হুমকি ও খারাপ আচরণের বিষয়ে মুখ খোলেননি তিনি।