৬:০ ০ অপরাহ্ণ
কমলগঞ্জে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে উদযাপিত খাসিদের ‘সেঙ কুটস্নেম’
রঙিন ঐতিহ্যবাহী পোশাক, বাঁশ-সুপারি পাতার প্রাকৃতিক মঞ্চ আর লোকজ খেলাধুলার আমেজে মৌলভীবাজারের কমলগঞ্জে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেঙ কুটস্নেম’ উদযাপিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি মাঠে খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম নতুন বর্ষকে বরণ করে নেওয়ার এ উৎসব আয়োজন করা হয়।
দুপুর ১২টায় উৎসবের শুরু হলেও মূল পর্ব শুরু হয় বেলা ২টায়। মাগুরছড়া পুঞ্জি মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির ওপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের পাতার ছাউনী দিয়ে মঞ্চ তৈরি করা হয়।
মঞ্চে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে অতিথি ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বন্দীপ তালুকদার, কমলগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রমুখ। আয়োজকেরা জানান, ঐতিহ্যবাহী এ বর্ষবিদায় উৎসবে দেশব্যাপী ছড়িয়ে থাকা খাসিয়ারা একত্রে মিলিন হন। এ দিন নিজস্ব সংস্কৃতির বর্ণিল সাজে খাসিয়া সম্প্রদায়ের ছেলে-মেয়েরা সাজে।
মূলত এ উৎসবের মাধ্যমে তাদের বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও খেলাধুলাকে তুলে ধরা হয়। উৎসবের মূল আকর্ষণ হচ্ছে- ঐহিত্যবাহী পোশাক পরে মেয়েদের নাচ-গান, পুকুরে বড়শী দিয়ে মাছ শিকার, তীর ধনুক খেলা, গুলতি চালানো ইত্যাদি। খাসি সোশ্যাল কাউন্সিলের নেতা ও উৎসব আয়োজন কমিটির সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং বলেন, ‘খাসি সেঙ কুটস্নেম হচ্ছে খাসি বর্ষবিদায়।
১৮৯৯ সাল থেকে খাসি জনগোষ্ঠীর লোকজন এই অনুষ্ঠান করলেও বাংলাদেশে আমরা ২০১১ সাল থেকে এই অনুষ্ঠানে আয়োজন করছি। ব্রিটিশ আগ্রাসনে যখন আদিবাসীদের ভাষা সংস্কৃতি হুমকির মধ্যে পড়েছিলো তখন কিছু খাসি তরুনরা মিলে এই উদ্যোগ নিয়ে সেঙ খাসি নামে একটি সংগঠন করেছিল। সেই থেকে আমরা পালন করছি।’