৮:২১ অপরাহ্ণ
কমলগঞ্জে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার বিষয়ক পরামর্শ সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার এবং সরকারি-বেসরকারি নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নাগরিক উদ্যোগ’-এর আয়োজনে সভাটি অনুষ্টিত হয়।
প্রকল্প কর্মকর্তা পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে এবং ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের হিসাবরক্ষণ কর্মকর্তা তাপস রাজগর।
তিনি চা জনগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাশ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমূখ।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান। বক্তারা বলেন, চা শ্রমিক ও দলিত জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা এখনো অনেক মৌলিক নাগরিক সেবা থেকে পিছিয়ে রয়েছেন।
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরামর্শ সভায় উপজেলার বিভিন্ন চা বাগানের প্রতিনিধি, দলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।