৫:৫০ অপরাহ্ণ
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ
মিথ্যা মা'মলা ও অপ'প্রচারে হয়'রানির অভি'যোগ
উদ্দেশ্যপ্রণোদিত অপ'প্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভি'যোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায় শামীম আহমদ ও জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজাদ মিয়াকে দায়ি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের আসামপুর গ্রামের ধরপাড়া এলাকার বাসিন্দা আশরাফ হোসাইন। তিনি জানান, তিনি যুক্তরাজ্যের কার্ডিফ বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ও মহানগর সভাপতি এবং জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
এ ছাড়া সিলেট মহানগর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আরিফ পোল্ট্রি অ্যান্ড এগ্রো, আরিফ গ্রোসারি সপ ও আরিফ হালাল ফুডস লিমিটেড। এসব প্রতিষ্ঠানে একাধিক পরিবারের কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি। লিখিত বক্তব্যে আশরাফ বলেন, তাঁর বড় চাচা হাজী শুকুর আলীর মৃত্যুর পর ছেলে খোয়াজ আলী প্রায় তিন বছর আগে বসতবাড়ি বিক্রি করে টাকা একাই নিয়ে যান। পরে তাঁর ছোট ভাই মাসুদ আলী সম্পত্তির অংশ না পেয়ে তাঁর কাছে বিচার চান। মাসুদ আলীর কাছ থেকে টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তাঁর অভিযোগ, একই গ্রামের পূর্বপাড়ার সীতাব আলীর ছেলে শামীম আহমদ, খোয়াজ আলীর মদদে হাজী শুকুর আলীর ১৩ জন উত্তরাধিকারীর সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে রেখেছেন। এমনকি কিছু জমি বিক্রির জন্য বিভিন্ন ব্যক্তির সঙ্গে বায়নাও করেছেন। আশরাফ আরও বলেন, দেশে আসার আগে শামীম আহমদ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করান। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে ও তাঁর ভাইকে কারাগারে পাঠানো হয়। পরে তাঁদের আট দিন কারাভোগ করতে হয়।
মামলাটির প্রথম তদন্তে পিবিআই অভিযোগ মিথ্যা বলে প্রতিবেদন দিলেও পরবর্তী পুনঃতদন্তে ভিন্ন প্রতিবেদন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। প্রায় তিন বছর আগে মাসুদ আলীর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি বলেন, এতে বৈদ্যুতিক মিটারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।
এ ঘটনায় মাসুদ আলীর স্ত্রী শিউলি আক্তার শামীম আহমদ ও খোয়াজ আলীর বিরুদ্ধে মামলা করেন এবং সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। শামীম আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সম্প্রতি মোবাইল চুরির মামলায় তিনি কারাভোগ করেছেন বলেও দাবি করেন আশরাফ। তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শামীম আহমদ বিএনপিতে যোগ দিলেও বিগত সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করেছিলেন।
এ বিষয়ে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অবগত রয়েছেন বলে জানান তিনি। শামীম আহমদের বিভিন্ন কর্মকাণ্ডে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজাদ মিয়ার ইন্ধন রয়েছে দাবি করে আশরাফ বলেন, গ্রামের মানুষকে জিম্মি করে অর্থ আদায়সহ নানা কর্মকাণ্ডের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশরাফ বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে দীর্ঘ ১৭ বছর দেশে এসে ব্যবসা-বাণিজ্য করতে পারেননি। দেশে ফিরে রাজনৈতিক ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি অপপ্রচার বন্ধ, প্রকৃত ঘটনা প্রকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।