রবিবার, নভেম্বর ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ নভেম্বর ২০ ২৬
৪:৪২ অপরাহ্ণ

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬: নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। এসময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন।

আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘২য় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা কনফারেন্স ২০২৬’-এ এসব কথা বলেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা। সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরো বলেন, আজকের এই সম্মেলন গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ,রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি। এসব গবেষণার ফলাফল দেশের নীতিমালা প্রণয়ন, ডাইফের পরিদর্শন কার্যক্রম এবং নশট্রির প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমমন্ত্রী পাঁচটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এর মধ্যে রয়েছে গবেষণা ও সঠিক তথ্যের ভিত্তিতে শ্রমনীতি তৈরি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করা, ডাইফ ও নশট্রির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি, নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা।

এ সময় তিনি গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তবমুখী গবেষণা পরিচালনার আহ্বান জানান এবং বাংলাদেশে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডাসহ সকল উন্নয়ন সহযোগী, গবেষক, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায় বলেও জানান তিনি। তিনি আরো বলেন, দেশের অন্যতম প্রধান এই গার্মেন্টস সেক্টরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তাঁর বক্তব্যে বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠান ও কলকারখানার মালিক,শ্রমিকপক্ষ এবং সরকারকে অবশ্যই একসাথে কাজ করতে এগিয়ে আসতে হবে।

মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের ঐতিহাসিক পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে দেশে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে- অর্থাৎ প্রতি পাঁচ বছর পর পর গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি করা হতো। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার,আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এম্প্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান, শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ