রবিবার, নভেম্বর ২২, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০ ২৬
১০ :০ ০ অপরাহ্ণ

৩ ডিসেম্বর স্পিকারের ঘোষণার প্রত্যাশা, সংসদে দাবি উত্থাপন করায় এমপি মুফতি আবুল হাসানকে ধন্যবাদ
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবিতে প্রবাসী ঐক্য পরিষদের আলোচনা সভা

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আলোচনা সভা করেছে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা বলেন, জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া দীর্ঘদিনের গণদাবি।

এ দাবি বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছানোয় তাঁরা আশাবাদী। পরিষদের সহসভাপতি আলি আহসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু সভা পরিচালনা করেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের দপ্তর সম্পাদক মঈন উদ্দিন মনি। সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সহসভাপতি মুনিম আহমদ।

প্রধান আলোচক ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহসভাপতি জামাল আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক।

উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ফজলুর রহমান, মনোরঞ্জন মনি ও সুরঞ্জিত রায়, কোষাধ্যক্ষ ডা. হাবিবুল্লাহ মিছবাহ, সংবাদকর্মী নুরুল ইসলাম ও কামরুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ প্রতিষ্ঠার শুরু থেকেই জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা চালিয়ে আসছে।

পরিষদের মেনিফেস্টোর অন্যতম প্রধান দাবিও এটি। একই দাবিতে প্রবাসীদের আরেকটি সংগঠন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকেও আন্তর্জাতিক পরিসরে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের এ দাবি জাতীয় সংসদে উত্থাপন করায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে তাঁরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জকিগঞ্জে এসে এ বিষয়ে ঘোষণা দেবেন বলে তাঁরা প্রত্যাশা করছেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের মতে, ঐতিহাসিক এ দিন ও মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি জকিগঞ্জের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রধান আলোচক সাংবাদিক জুবায়ের আহমদ জকিগঞ্জের গ্যাসসম্পদ ও স্থানীয় মানুষের অধিকার নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, জকিগঞ্জের মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের সন্ধান স্থানীয় মানুষের জন্য আনন্দ ও সম্ভাবনার বিষয়। এ সম্পদ স্থানীয় মানুষের স্বার্থে ব্যবহার করতে হবে।

স্থানীয় চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি গ্যাস প্রকল্পে জনবল নিয়োগের ক্ষেত্রেও স্থানীয় বাসিন্দাদের যথাযথ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিভিন্ন আভাস থেকে মনে হচ্ছে, বাপেক্স তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার পথে রয়েছে। বিষয়টি স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

গ্যাস কূপের ভবিষ্যৎ ও প্রকল্পের কার্যক্রম নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। গ্যাস কূপ বন্ধের কোনো উদ্যোগ নেওয়া হলে তা ঠেকাতে জকিগঞ্জবাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

জুবায়ের আহমদ আরও বলেন, সীমান্তঘেঁষা অবহেলিত জকিগঞ্জের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে স্থানীয় প্রাকৃতিক সম্পদের সুফল এখানকার মানুষকে দিতে হবে। জকিগঞ্জের সম্পদ ও মানুষের অধিকার নিশ্চিত করার দাবিকে গণদাবিতে পরিণত করতে প্রবাসী ঐক্য পরিষদসহ সবাইকে কাজ করতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ