২:২৫ পূর্বাহ্ণ
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সালিশ ব্যক্তিত্ব মোঃ বশির উদ্দিন আহমদের ইন্তেকাল
সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ব্লক এফ, রোড নম্বর ৪, বাড়ি নম্বর ১০৮ এর স্বত্বাধিকারী বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট এর অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মোঃ বশির উদ্দিন আহমদ (৭০) গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬ টায় শাহজালাল উপশহর সরকারি তিব্বিয়া কলেজ মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে দুই মেয়ে, নাতি নাতনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমৃত্যু তিনি বিভিন্ন সংগঠনের হয়ে সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন এবং সামাজিক যে কোন বিরোধে একজন গ্রহণযোগ্য সালিশ ব্যক্তিত্ব ছিলেন। শাহজালাল উপশহর প্রাতঃ ভ্রমণ ক্লাবের সিনিয়র সদস্য মোঃ বশির উদ্দিন আহমদ ব্যায়াম চলাকালে হঠাৎ ঢলে পড়লে ক্লাব সদস্যরা দ্রুত পাশ্ববর্তী আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একইদিন বাদ জোহর শাহজালাল উপশহর আই ব্লক মসজিদে জানাজার নামাজ শেষে হযরত মানিক পীর (রঃ) গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, ব্যাংকার, ব্যবসায়ী, প্রাতঃভ্রমণ ক্লাবের সদস্যবৃন্দ, শাহজালাল উপশহর কল্যান সমিতির সদস্যবৃন্দ, আম্বরখানা সরকারি কলোনির প্রাক্তন বাসিন্দাগণ, আত্মীয় স্বজনসহ বিপুল সংখ্যক লোক জানাজায় অংশ নেন। তিনি আশির দশকে সিলেটের ঐতিহ্যবাহি আম্বরখানা সরকারি কলোনিতে বসবাস করেন এবং সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখেন। সিলেটের বালাগঞ্জে তাঁর গ্রামের বাড়ি। মরহুম বশির উদ্দিন আহমদ এর বড় ছেলে লিয়াকত আহমদ প্রাক্তন ছাত্রনেতা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী।
দ্বিতীয় ছেলে শওকত আহমদ প্রাক্তন সফল ব্যাংকার ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এবং কনিষ্ঠ পুত্র দেশে রয়েছেন। দুই মেয়ে আফিয়া জামান ও শিপা বেগম বিবাহিত। শোক প্রকাশঃ বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাইক্লোন, সিলেট এর সভাপতি, আম্বরখানা সরকারি কলোনি অ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি, আশক আলী ফিটনেস ক্লাবের প্রেসিডিয়াম সদস্য জাবেদ আহমদ এক বিবৃতিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিশিষ্ট সংগঠক, সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ বশির উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।