৩:৪৮ অপরাহ্ণ
জকিগঞ্জে দুই ভাইয়ের ঘরে ডা’কাতি, ব্যবসায়ীকে কু’পি’য়ে স্বর্ণ লুট
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে গভীর রাতে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও প্রায় সাড়ে নয় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
এ সময় বাধা দিতে গেলে ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক ব্যবসায়ী শামীম আহমদকে কুপিয়ে আহত করে ডাকাতরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরকুল গ্রামের জামাল উদ্দিন মাস্টার ও ব্যবসায়ী শামীম আহমদ দুই সহোদর ভাই।
গভীর রাতে মুখোশধারী ডাকাত দলটি তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা জামাল উদ্দিন মাস্টারের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে।
পরে ব্যবসায়ী শামীম আহমদের ঘরে হানা দেয় তারা। এ সময় শামীম আহমদ বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাঁকে কুপিয়ে আহত করে। পরে তাঁর ঘর থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, জামাল উদ্দিন মাস্টারের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট হয়েছে। অন্যদিকে, শামীম আহমদের ঘর থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। তাঁর ঘর থেকে নগদ টাকা খোয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর রাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। পরে সকালে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের শনাক্ত করতে পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সংগৃহীত ফুটেজ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। একই রাতে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতি ও একজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় উত্তরকুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।