মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১১ অক্টোবর ২০ ২৬
৬:১৪ অপরাহ্ণ

‘নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ’
স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “নারী শিক্ষায় এ প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়।

সিলেটের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ দীর্ঘদিন ধরে এক অনন্য ও উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সিলেটের নারী শিক্ষার অগ্রগতিতে এক অনন্য দৃষ্টান্ত।” তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পাশাপাশি আগামী দিনেও প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রায় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এবং বাংলা বিভাগে সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান রহিমা বেগম।

শিক্ষকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো: এনামুল হক চৌধুরী সোহেল, বাংলা বিভাগের প্রধান আজির উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফারজানা সিদ্দিকা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিশকাত উল আফরা সামিয়া।

আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আব্দুল হাকিম, ডা: সোলায়মান আহমেদ, মখছুছুল করিম, আজিজুল ইসলাম, জিল্লুল হক, সাব্বির আহমদ। গাহস্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, গনিত বিভাগের সহকারী অধ্যাপক মো: আলমগীর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাইশা বেগম এবং গীতা পাঠ করেন ইংরেজি বিভাগ ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুস্মিতা আইচ রিমি। এরপর ঐশী, প্রমি, হৈমন্তী, স্নিগ্ধা ও প্রিয়ন্তী জাতীয় সংগীত পরিবেশন করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ