মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০ ২৬
বিয়ানীবাজার প্রতিনিধি:
৩ জুন ২০ ২৬
৬:৫২ অপরাহ্ণ

সিলেটে মহিলা ব্যবসায়ীর দোকান দখল ও প্রাণনাশের হুমকি বিএনপি নেতার

সিলেটের বিয়ানীবাজারে বিয়ের কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মহিলা ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল এবং তাকে হত্যা, এসিড নিক্ষেপ ও গুমের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী রহিমা খাতুন বর্তমানে প্রাণভয়ে এবং জীবন রক্ষার্থে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার নবাং গ্রামের বাসিন্দা ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকা রহিমা খাতুন দীর্ঘদিন ধরে মাথিউরা বাজারের 'রহিম শপিং কমপ্লেক্সে' একটি দর্জির দোকান পরিচালনা করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান তাকে ব্যক্তিগতভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ১৫ মে মিজানুর রহমান সরাসরি ওই দোকানে গিয়ে রহিমা খাতুনকে বিয়ের প্রস্তাব দেন। তবে রহিমা খাতুন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই রহিমা খাতুনের ওপর মানসিক ও রাজনৈতিক নির্যাতন বাড়তে থাকে। নিরাপত্তাহীনতায় ভুগে গত ২৯ মে তিনি ভিজিট ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি দেশত্যাগ করলেও নিপীড়ন থামেনি।

গত ৩ জুন বিএনপি নেতা মিজানুর রহমান পুনরায় ওই দোকানে যান এবং রহিমা খাতুনকে না পেয়ে দোকানে কর্মরত কর্মচারী রুবিনা বেগমকে ভয়ভীতি দেখিয়ে দোকানটি জোরপূর্বক দখল করে নেন। ভুক্তভোগীর কর্মচারী টেলিফোনে রহিমা খাতুনকে জানান, রহিমা খাতুন দেশে ফিরলে তাকে এসিড মারাসহ হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর কর্মচারী রুবিনা বেগম স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ রয়েছে।

দায়িত্বরত কর্মকর্তা বিএনপি নেতার প্রচ্ছায়ায় মামলা গ্রহণে অপরাগতা প্রকাশ করেন, যা নিয়ে স্থানীয়দের মাঝে নিরাপত্তা ও আইনি সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। রহিমা খাতুন দেশে ফিরলে তার জীবন চরম ঝুঁকিতে পড়বে।

বর্তমানে তিনি সেখানে তার গুরুতর অসুস্থ মায়ের পরিচর্যা করছেন। একজন সাধারণ মহিলা ব্যবসায়ী হিসেবে আইনি সুরক্ষার অনুপস্থিতি ও রাজনৈতিক ক্ষমতার দাপটে তিনি চরম অসহায়ত্ব প্রকাশ করে বিচার দাবি করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ