৪:৩৬ অপরাহ্ণ
কমলগঞ্জে ‘দক্ষ যুব গড়বে দেশ’ স্লোগান নিয়ে জাতীয় যুব দিবসে র্যালি
“দক্ষ যুব গড়ব দেশ” ও “সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১ লা নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র্যালির পাশাপাশি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মঈদ আশিক চিশতী ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দাশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ব্যবস্থাপক এড্রকো মন্ডল, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, উদ্যোক্তা সোবান চৌধুরী ও সোহেল আহমদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপন করেন শ্রাবনী সিনহা।
বক্তারা বলেন, আজকের পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং, তথ্যপ্রযুক্তি ও আধুনিক মননশীলতার চর্চা করা অত্যন্ত জরুরি। আমাদের মনে রাখতে হবে—বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমেই কেবল একটি স্বাবলম্বী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান যুব উন্নয়নে নানা ধরনের প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করছে, আমাদের এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজের মেধার বিকাশ ঘটাতে হবে। কারণ যেকোনো দেশের মূল চালিকাশক্তি হলো তার দেশের যুবসমাজ।