৪:৪৬ অপরাহ্ণ
সিলেটে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতি হয়'রা'নির শিকার প্রবাসী ভূমি মালিক
সিলেট নগরীর বালুচর এলাকার নিজস্ব ভূমির প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির কারণে হয়'রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী এক ভূমি মালিকের পরিবার। জরিপ কর্তৃপক্ষের ভুলের সুযোগ নিয়ে একটি পক্ষ জমির অংশবিশেষের মালিকানা দাবি করে দখ'লের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভি'যোগ তাদের।
রোববার (১ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভূমির মালিক মুহিবুন্নেসা ওরফে রেনু বেগমের ছেলে মাছুম আহমদ। লিখিত বক্তব্যে মাছুম আহমদ বলেন, তাঁর মা মুহিবুন্নেসা ওরফে রেনু বেগম দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী।
তাঁর মালিকানাধীন সিলেট নগরীর বালুচরস্থ আল ইসলাহ এলাকার একখণ্ড ভূমি ১৯৯৯ সাল থেকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা অবস্থায় পরিবারের ভোগদখলে রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন।
মাছুম আহমদের অভিযোগ, ২০০৪ সালের বিএস জরিপে প্রিন্ট পর্চা ও নকশায় জরিপ কর্তৃপক্ষের ভুলের কারণে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। ওই ভুলের সুযোগ নিয়ে এলাকার একটি পক্ষ তাঁদের মালিকানাধীন ভূমির অংশবিশেষ দাবি করে অবৈধভাবে দখলের চেষ্টা করছে।
এর ফলে প্রকৃত মালিকানা থাকা সত্ত্বেও তাঁদের পরিবারকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে জমিটি তাঁদের দখলে থাকলেও এর আগে কেউ মালিকানা নিয়ে কোনো মামলা, হামলা কিংবা জবরদখলের চেষ্টা করেনি।
বর্তমানে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদেরকে ভয়ভীতি ও সামাজিকভাবে হয়রানি করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে মাছুম আহমদ আরও অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে একটি পক্ষ তাঁদের পরিবারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তে মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে জমির রেকর্ড সংশোধনের জন্য তাঁদের আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, একজন প্রবাসীর কষ্টার্জিত অর্থে কেনা সম্পত্তি জবরদখলের চেষ্টা শুধু একটি পরিবারের অধিকার হরণের বিষয় নয়, বরং প্রচলিত আইন ও ন্যায়বিচারের প্রতি চ্যালেঞ্জ।
সম্পত্তির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইন ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। ভয়ভীতি, প্রভাব বিস্তার কিংবা জোরপূর্বক দখলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে মাছুম আহমদ বলেন, তাঁরা নিজেদের বৈধ মালিকানা ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে চান। পাশাপাশি জরিপের নথিপত্র ও নকশার অসংগতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।