৬:১৯ অপরাহ্ণ
প্রত্যন্ত অঞ্চলের যাতায়াত বাধা দূর করতে ৪০ টি বাইসাইকেল পেলো কমলগঞ্জের শিক্ষার্থীরা
বিদ্যালয়ে যাতায়াতের দূরত্ব যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারামা সলিডারিটি (বেলজিয়াম)।
একই সঙ্গে ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং ঝরে পড়া রোধে সংস্থাটির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংস্থাটির ‘ব্যাক টু স্কুল’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার।
অনুষ্ঠান সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান।
এ ছাড়াও কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল ও কনসালট্যান্ট মো. ইসহাক আহমেদ উপস্থিত ছিলেন। বিতরণ করা ৪০টি বাইসাইকেলের পাশাপাশি ছাত্রীদের সাইকেল ব্যবহারের সুবিধার্থে দেওয়া হয়েছে পাম্প সেট, মেশিন অয়েল ও রেঞ্চ। অন্যদিকে ৩০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দেওয়া হয়েছে একটি ওয়াটারপ্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিকের স্কেল, একটি পানির বোতল, ৩ টা পেস্ট, ৬ টা সাবান ১ টি ছাতা ২ কেজি হুইল পাউডার,২ টি স্যানিটারি প্যাড ও পরীক্ষার ক্লিপবোর্ড।
বক্তারা বলেন,ইসলামিক রিলিফ নেদারল্যান্ডসের এই মহৎ উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পথে বড় একটি বাধা দূর করবে। বিশেষ করে, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে বিভিন্ন চা-বাগান ও প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব ছাত্রীরা দীর্ঘ পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে আসে, তাদের জন্য এই বাইসাইকেলগুলো শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ গুলি আশীর্বাদ হয়ে কাজ করবে। আয়োজককারীরা জানায়, বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটির অর্থায়নে ‘Empowering Futures: Enhancing Education Access by Providing Bicycles to Rural Girls and Essential Learning Materials to School Children in Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে বিশেষ করে গ্রামীণ ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা কমিয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও এসএসসি পরীক্ষায় পাসের হার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।