বুধবার, নভেম্বর ১১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০ ২৬
৬:০ ৬ অপরাহ্ণ

দুর্নী'তির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুম'কি, প্রেসক্লাবের নিন্দা

জকিগঞ্জ অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে হুমকির অভিযোগ; সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জুবায়ের আহমদকে মুঠোফোনে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত সোমবার রাতে হোয়াটসঅ্যাপ কলে তাঁকে এ হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেছেন জুবায়ের আহমদ। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকিতে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

জুবায়ের আহমদ জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি হুমকির বিষয়টি প্রকাশ করেন।

তাঁর অভিযোগ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ফোন করে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামদের দায়িত্ব ও পরিচয়, সরকারি সম্মানী ভাতার আবেদন এবং মসজিদের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন জুবায়ের আহমদ।

‘জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে দায়িত্বের পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি ৬৪ মুসল্লির’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে মসজিদের অডিট প্রতিবেদন, দায়িত্বসংক্রান্ত প্রত্যয়নপত্র ও সরকারি সম্মানী ভাতার আবেদনপত্রের তথ্যের মধ্যে অসংগতি তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের অডিট প্রতিবেদনে মাওলানা জুবায়ের আহমদকে হিসাবরক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সরকারি সম্মানী ভাতার আবেদনপত্রে তাঁকে ইমাম হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। অন্যদিকে, হাফিজ নুরুল ইসলামকে একটি প্রত্যয়নপত্রে ২০১৭ সাল থেকে ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী বলা হলেও অডিট প্রতিবেদনে তাঁর পরিচয় উল্লেখ করা হয়েছে ‘সানি ইমাম’। এ ছাড়া দীর্ঘদিন ধরে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালনকারী মাওলানা মুশাহিদ আহমদ কামালী ও মুফতি মাওলানা আবুল হাসানের মধ্যে একজনের নাম বাদ দিয়ে অন্য দুজনের নাম ভাতার আবেদনে অন্তর্ভুক্ত করার বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল হান্নান বলেছিলেন, আবেদনপত্রের বিষয়বস্তু না পড়েই তিনি তাতে স্বাক্ষর করেছেন। অন্যদিকে, কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ দাবি করেন, হাফিজ নুরুল ইসলাম মসজিদের অন্যতম ইমাম এবং মাওলানা জুবায়ের আহমদও বিভিন্ন সময়ে ইমামতির দায়িত্ব পালন করেছেন। মসজিদের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীরা। গত ৮ নভেম্বর ৬৪ জনের স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়। এতে ২০১১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মসজিদের আয়-ব্যয়, ব্যাংক লেনদেন, দান-অনুদান ও নির্মাণকাজের ব্যয় তদন্তের পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানানো হয়। জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, ‘সাংবাদিকতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার নয়; জনস্বার্থে সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের দায়িত্ব। কোনো সংবাদে তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিবাদ, ব্যাখ্যা কিংবা আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ভয়ভীতি দেখিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক জুবায়ের আহমদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছি।’

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ