১:২৫ অপরাহ্ণ
আতঙ্কে হার্ট অ্যাটাকে আক্রান্ত মা
বালাগঞ্জে আওয়ামীলীগ নেতা শিহাবুল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রাণনাশের হুমকি
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নং দেওয়ান বাজার ইউনিয়নের শংকরপুর গ্রামে আওয়ামীলীগ নেতা মো. সিহাবুল হকের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও তাদের সহযোগী স্থানীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে।
গত ৩০ মে ২০২৬, শনিবার, আনুমানিক বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় বাসিন্দা সোলায়মান আলী বলেন, ঘটনার দিন সিহাবুল হকের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বাড়ির বিভিন্ন স্থাপনা, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান।
শংকরপুরের স্থানীয় বাসিন্দা আশকর মিয়ার বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় হঠাৎ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে সেখানে জড়ো হতে দেখা যায়। তাঁর অভিযোগ দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আবদুল হাদি, বিএনপি নেতা প্রকৌশলী লোকমান, সুলতান মনসুর, শামিম আহমদ, দিলু মিয়া সহ প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠি, সুঠা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সিহাবুল হককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ এবং তার মাকে হুমকি দেওয়া হয় বলে স্তানীয়রা জানান।
আশকর মিয়ার বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা সিহাবুল হককে উদ্দেশ্য করে বলে, “কোথায় পালিয়ে গেছিস? আজ হিসাব দিতে হবে। ১৭ বছর ধরে তুই নেতাগিরি করে এলাকায় শান্তিতে ছিলে। এখন তোর শেখ হাসিনা আর এমপি কোথায়? তাদের বল তোকে রক্ষা করতে। এখন পালিয়ে থাকিস কেন? স্থানীয় সূত্রে জানা যায়, সিহাবুল হক ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের অত্যন্ত আস্থাভাজন ও কাছের মানুষ।
তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং ছেলেকে হত্যার হুমকিতে এবং ছেলের সন্ধান না দিলে পরর্ব্তীতে তার মাকে ও দেখে নেওয়ার হুমকি দেন। এতে সিহাবুল হকের মা স্থানীয় আওয়ামীলীগ সর্মথক শাহারা বেগম (৬৩) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।
৪ঠা জুন ২০২৬, রাত ১২টা ৩০ মিনিটে তাঁকে সিলেটের কুইনস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হৃদ্রোগজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ছেলের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, বাড়িঘরের ক্ষয়ক্ষতি এবং আকস্মিক এই পরিস্থিতিতে পরিবারটি চরম মানসিক ও আর্থিক সংকটে পড়ে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাণনাশের হুমকি ও নিরাপত্তার আশঙ্কায় মো. সিহাবুল হক পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছেন। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু জানেন না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখাশোনা এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত নিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, সিহাবুল হক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এই হামলার ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৩১ মে , বালাগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে বলে জানা গেছে।