১১:৩৪ পূর্বাহ্ণ
ছাত্রদল নেতা হাবিবের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি এইচ রহমান হাবিবের পিতা ও ছাতক উপজেলার ঐতিহ্যবাহী জিয়াপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি, জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউ.কে কমিটির উপদেষ্টা, লন্ডন বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল হাফিজ মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, আব্দুল হাফিজ মাস্টার একজন স্বনামধম্য শিক্ষক ছিলেন। ছেলে-মেয়েদেরকে শিক্ষার মাধ্যমে তিনি সমাজে প্রতিষ্ঠিত করে তুলেছেন। তার শিক্ষায় আলোকিত হয়ে অনেকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুম আব্দুল হাফিজ মাস্টারের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল হাফিজ মাস্টার রোববার লন্ডন সময় সকাল ৯টা ২৫মিনিটে ইংল্যান্ডের রয়েল লন্ডন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ......... রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।