৫:৩১ পূর্বাহ্ণ
সীমান্তিকের সাবেক মহাসচিব শিক্ষক মালেক আহমেদের স্মরণে শোক সভা
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর সাবেক মহাসচিব, সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুল এর সিনিয়র শিক্ষক, মোঃ মালেক আহমেদের স্মরণে এক শোকসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জের কালিগঞ্জ সীমান্তিকের কেন্দ্রীয় কার্যালয় ভবনে সীমান্তিক ও সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের যৌথ উদ্যোগে শোকসভায় সভাপতিত্ব করেন সীমান্তিকের চেয়ারপার্সন সফিকুল হক তাফাদার। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি সিলেটের ম্যানেজিং ট্রাস্টি ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর আহমদ আল ওয়ালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক সিলেট আঞ্চলিক কমিটির চেয়ারম্যান ও মরহুম মোঃ মালেক আহমেদের ভাই অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হাই, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রিলন, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান। আবু বকর ইকবালের সঞ্চালনায় শোকসভা ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের অধ্যক্ষ নজরুল হক তাপাদার।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আব্দুর রৌফ তাপাদার, শক্তিধর পাল, মোঃ আব্দুস শহীদ, জামাল আহমদ লস্কর, মোঃ ময়নুল হক, এএসএম জাকারিয়া স্বপন প্রমুখ। শোক সভায় বক্তারা বলেন, মরহুম মালেক আহমেদ একজন শিক্ষক, রাজনীতিক ও সমাজসেবী হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দেশ-জাতি ও সমাজের কল্যাণে কাজ করে গেছেন। গরীব-দুঃখী, বঞ্চিত মানুষের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকতেন।
শিক্ষক মালেক আহমেদকে হারিয়ে সমাজ একজন আদর্শবান দেশপ্রেমিককে হারিয়েছেন। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। বক্তাগণ মালেক আহমেদের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে মরহুমকে একজন সাদা মনের মানুষ হিসেবে আখ্যায়িত করে তাঁর স্মৃতি ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে শিক্ষক মরহুম মোঃ মালেক আহমেদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইছামতি টাইটেল মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল বাছিত।