১২:০ ৬ অপরাহ্ণ
৭০টি মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা, ঐতিহাসিক স্বীকৃতিতে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ
জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চলের স্বীকৃতি পাওয়ায় বীরশ্রীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের স্বীকৃতি পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীরশ্রী ইউনিয়নবাসী। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ৭০টি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের টুকেরবাজার (ভিঙ্গাইর বাজার) শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী আব্দুল হক ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীরশ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লন্ডনপ্রবাসী আবুল কালাম আজাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুকেরবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুক আহমদ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন হাফিজ মজুমদার ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন এবং গীতা পাঠ করেন জোতিষ চন্দ্র পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী খলিল উদ্দিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। স্বাগত বক্তব্য দেন গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ বিবেক বিহারি দাস।
অনুষ্ঠানে বীরশ্রী ইউনিয়নের ৭০টি মুক্তিযোদ্ধা পরিবারের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার বসবাস বীরশ্রী ইউনিয়নে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের বীরশ্রী ইউনিয়ন কমান্ডার মুজিবুর রহমান, শেরুলভাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি জোতিষ চন্দ্র পাল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও ব্যবসায়ী হাফিজ মোস্তাক আহমদ, সমাজসেবী হারুনুর রশীদ, সাংবাদিক এনামুল হক মুন্না, ব্যবসায়ী আব্দুশ শহীদ প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনসহ বীরশ্রী ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী বলেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পর জকিগঞ্জ স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি পাচ্ছে, এটি তাঁদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
মুক্তিযোদ্ধারা প্রতিবছর ২১ নভেম্বর জকিগঞ্জ মুক্ত দিবস পালন করে এলেও এত দিন রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। আজ যখন স্বীকৃতি দেওয়া হচ্ছে, তখন অনেক মুক্তিযোদ্ধা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁরা স্বচক্ষে এ স্বীকৃতি দেখে যেতে না পারলেও তাঁদের আত্মা নিশ্চয়ই আনন্দিত হচ্ছে।
তিনি এ ঐতিহাসিক ঘোষণার জন্য বর্তমান সরকার, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে ধন্যবাদ জানান। পাশাপাশি বীরশ্রীতে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর উদ্যোগ নেওয়ায় হাজী আব্দুল হক ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আকরাম আলী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ৪ নম্বর সেক্টরের আওতাধীন জকিগঞ্জকে শত্রুমুক্ত করতে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়।
দেওয়ান ফরিদ গাজী, আব্দুল লতিফ এবং সেক্টর কমান্ডার মেজর সি আর দত্তসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের পরিকল্পনায় ২০ নভেম্বর রাতে যৌথ বাহিনী অভিযান শুরু করে। তিনি জানান, যৌথ বাহিনী তিনটি দলে বিভক্ত হয়ে কুশিয়ারা নদী পার হয়ে আমলশীদ, লোহার মহল ও জকিগঞ্জ কাস্টমসের দিক থেকে আক্রমণ চালায়।
এতে পাকিস্তানি বাহিনী চাপে পড়ে পিছু হটতে বাধ্য হয়। ২১ নভেম্বর ভোরে জকিগঞ্জ শত্রুমুক্ত হলে স্থানীয় বাসিন্দারা মুক্তিবাহিনীকে উল্লাসের সঙ্গে বরণ করে নেন। তবে নদী পার হয়ে তীরে ওঠার সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় কর্মকর্তা মেজর চমন লাল শহীদ হন। তিনি আরও বলেন, জকিগঞ্জ শত্রুমুক্ত হওয়ার পরও পুরো এলাকা মুক্ত করতে আটগ্রামে তীব্র যুদ্ধ হয়। ২২ নভেম্বর আটগ্রাম শত্রুমুক্ত হয়। এ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহবুবুর রহমানসহ দেশি-বিদেশি কয়েকজন কর্মকর্তা ও সৈনিক শহীদ হন। ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে সড়কের বাজারের পশ্চিমে ঈদগাহ গোরস্তানে সমাহিত করা হয়। আকরাম আলী স্মৃতিচারণে আরও উল্লেখ করেন, জকিগঞ্জ শত্রুমুক্ত হওয়ার পর ২২ নভেম্বর আব্দুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ২৯ নভেম্বর জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বেসামরিক প্রশাসন চালু করা হয়। ৩০ নভেম্বর থেকে নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও পুনরায় শুরু হয়।
তিনি আরও বলেন, বর্তমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ হয়ে আটগ্রামে যুদ্ধে অংশ নিয়েছিলেন। অন্যদিকে, তৎকালীন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও জকিগঞ্জের মুক্তিযুদ্ধের সঙ্গে স্মৃতিবিজড়িত সংশ্লিষ্টতা রয়েছে।
তিনি বলেন, জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তাঞ্চল হিসেবে এর ঐতিহাসিক গুরুত্ব যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা প্রদান করতে জকিগঞ্জে আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান সহ সিলেট বিভাগের মন্ত্রী এমপিগন। ঐদিন জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল সমাবেশ আয়োজন করা হয়েছে।