১:৪০ পূর্বাহ্ণ
জকিগঞ্জে মাজারের মহিলা ভক্তকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেফতার: এলাকায় তোলপাড়
সিলেটের জকিগঞ্জে হযরত আখলু শাহ রহ: মাজারের এক মহিলা ভক্তকে নির্যাতনের অভিযোগে মো: আতিকুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জকিগঞ্জে তোলপাড় চলছে। গ্রেফতারকৃত যুবক উপজেলার চারিগ্রাম এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো: মাহমুদুর রহমানের পুত্র। গতকাল ১২ ফেব্রুয়ারী ভোরে জকিগঞ্জ থানা পুলিশ আতিককে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
জানা যায়, জানু বেগম নামে আখলু শাহ মাজারের এক মহিলা ভক্ত মাজার এলাকায় মো: আতিকুর রহমান কর্তৃক নির্যাতনের শিকার হন। এ অভিযোগে জানু বেগম জকিগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আতিককে গ্রেফতার করে। তবে আতিকুর রহমানের পিতা মো: মাহমুদুর রহমান জানান, এ ঘটনাটি পুরোটাই ষড়যন্ত্র। জানু বেগম মূলত মাজার এলাকায় খুচরা মাদক বিক্রয় করে। পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল আলিম এবং জুলকারনাইন নামের দুই প্রভাবশালী লোক টাকার বিনিময়ে জানু বেগমকে দিয়ে এ ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করিয়েছেন। মাহমুদুর রহমান আরো জানান, চারিগ্রামে অবস্থিত হযরত আখলু শাহ রহ: এর মাজারের খাদেম ছিলেন তার শ্বশুর। এমনকি তার শ্বশুরের পূর্ব পুরুষগণ আখলু শাহ এর বংশধর। তার শ্বশুর মারা যাওয়ার পূর্বে তিনি তার মেয়ে অর্থাৎ আতিকের মা এবং আতিকের বাবার নামে ট্রাষ্ট গঠন করে উইল করে রেখে যান। এ ট্রাষ্টের সম্পত্তি দখল করার জন্য আতিকের নানার চাচাতো ভাই আব্দুল আলিম নানা রকম ষড়যন্ত্র করছেন। তিনি নিজেকে খাদেম ঘোষণা করে মাজারে ওরসের নামে ব্যবসা করছেন। এছাড়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোষ্ঠীর ভোট সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুরকে দেয়ায় জুলকারনাইন লস্করের সাথে বিরোধ সৃষ্টি হয়। এসব কারণেই ষড়যন্ত্রমূলকভাবে আতিককে ফাঁসানো হয়েছে বলে তার পিতা দাবী করেছেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশ অভিযোগের প্রেক্ষিতে আতিকুর রহমানকে গ্রেফতার করেছে। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।