৯:০ ০ অপরাহ্ণ
বালাগঞ্জে ২৭ পরিবারকে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ
সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ কার্যক্রমের আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, শিশু খাদ্য এবং ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বালাগঞ্জ উপজেলা পরিষদ ভবনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।
কর্মসূচির আওতায় উপজেলার ৫০০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শুকনা ও অন্যান্য খাদ্যসামগ্রীর বস্তা এবং ১৪৮টি শিশু খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।
এ ছাড়া ২৭টি পরিবারের মধ্যে ২৭ বান্ডিল ঢেউটিন ও প্রতিটি পরিবারকে ৩ হাজার টাকা করে গৃহনির্মাণ মঞ্জুরির চেক প্রদান করা হয়। পাশাপাশি একটি বিদ্যালয়ের জন্য ৪ বান্ডিল ঢেউটিন ও ১২ হাজার টাকার গৃহনির্মাণ মঞ্জুরির চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজমসহ স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর জরুরি খাদ্য সহায়তা এবং ঘর মেরামত ও পুনর্নির্মাণে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।