১০ :৫২ অপরাহ্ণ
এক প্রবাসী ও নবধারা শমশেরনগরের উদ্যোগে কমলগঞ্জে দুই কিস্তিতে ৫০ পরিবারে ৩ মাসের খাদ্য প্রদান
আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ:: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণ-পরিবহন বন্ধ বিভিন্ন এলাকা লকডাউন হলে দুর্ভোগের মাঝে পড়েন খেটে খাওয়া মানুষজন। সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে এসব অসহায় মানুষজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কমলগঞ্জের শমশেরনগরের যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তি ও নবধারা শমশেরনগরের উদ্যোগে ৫০টি পরিবারে মাসে দুই কিস্তিতে টানা ৩ মাসের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় শমশেরনগর ডাকবাংলোয় সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রমের উদ্বোধন করেন শমমেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল আহমদ ও পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী। জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী শমশেরনগরের মোঃ আমিনুল ইসলাম নগদ ২ লাখ ১০ হাজার টাকা সহায়তা দিলে সংগঠনের(নবধারা শমশেরনগর) আরও আর্থিক সহায়তা মিলিয়ে অতি দরিদ্র অসহায় ৫০ পরিবার বাছাই করা হয়। বাছাইকৃত এসব পরিবারে প্রতি ১৫ দিন অন্তর ১১ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ ১ লি: ভোজ্য তেল, ৪ কেজি আলু,১টি সাবান,১টি মাস্ক, কেজি লবনসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হবে। টানা ৩ মাসে তারা ৬ কিস্তিতে এসব খাদ্য সামগ্রী পাবে।