৯:৫৮ অপরাহ্ণ
কানাইঘাটে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
সিলেটের কানাইঘাট উপজেলার ডালাইচর গ্রামে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল প্রায় ৫টার দিকে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে মোঃ আয়াজ উদ্দিনের বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা, আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল।
ওই নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল বিএনপি জোট থেকে পৃথক হয়ে একটি ১১ দলীয় নির্বাচনী জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। কানাইঘাটের সংশ্লিষ্ট আসনে উক্ত জোট সমর্থিত প্রার্থী বিজয়ী হন।
এলাকাবাসী জানান, মোঃ আয়াজ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা উক্ত জোট সমর্থিত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিএনপি সমর্থিত কিছু ব্যক্তির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দলবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেয়। এ সময় তারা উচ্চস্বরে বলতে থাকে যে, আয়াজ উদ্দিন ও তার পরিবার বিএনপি সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে, এজন্য তাদের এর “শাস্তি ভোগ করতে হবে।
” ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা বিশেষভাবে পরিবারের এক সদস্য স্থানীয় এলডিপি নেতা সারওয়ার হোসেন–এর নাম উল্লেখ করে বলে যে, তিনি বিদেশ থেকে দেশে ফিরে এলে তাকে “দেখে নেওয়া হবে” এবং প্রয়োজনে তাকে হত্যা বা গুম করা হবে বলেও হুমকি প্রদান করা হয়।
ঘটনার সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে পড়ে যান। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হলেও থানার পক্ষ থেকে মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।