১১:১৯ পূর্বাহ্ণ
মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ দেশের অসংখ্য তরুণ নিজেদের রক্ত ঢেলে দিয়ে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে।
এই ত্যাগের মর্যাদা রক্ষা করতে এবং জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পূর্ণ নাগরিক ও সামাজিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবে।
গতকাল সোমবার সিলেট নগরীর নয়াসড়কস্থ খাজাঞ্চিবাড়ীতে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উপরোক্ত কথাগুলো বলেন। নয়াসড়ক সার্বজনীন মন্ডপের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ জোর দিয়ে বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা কেবল মুখে বা বক্তৃতায় সম্প্রীতির ফাঁকা বুলি আওড়াই না, বরং কাজের মাধ্যমে সবসময় এর প্রমাণ দিয়ে এসেছি। আসন্ন হিন্দু ধর্মীয় উৎসব রথযাত্রা যাতে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা ও চিঠি দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসন ও জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে যাব। সিলেট নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল মুক্তাদিরের দূরদর্শী নির্দেশনায় বর্তমানে সিলেট নগরীর চেহারা দ্রুত পাল্টে যাচ্ছে। নগরীর প্রতিটি প্রধান সড়ক ও উপ-সড়কের ব্যাপক সংস্কার কাজ চলছে। জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এই নগরীকে একটি আধুনিক ও সম্পূর্ণ বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে আমরা সম্ভাব্য সবকিছুই করছি। উন্নয়ন ও সম্প্রীতির এই ধারা অব্যাহত রাখতে আমি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করি। নয়াসড়ক মান্ডব কমিটির সভাপতি সুব্রত রঞ্জন সেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নয়াসড়ক মান্ডব কমিটির প্রধান উপদেষ্টা বিনীত কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাজমুল ইসলাম চৌধুরী, নয়াসড়ক খ্রিষ্টান মিশনের প্রধান ডিকন নিঝুম সংমা ,১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত হোসেন লিটন, ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজনু, গুরুদাস চৌধুরী, নীল মনি কর্মকার, সুব্রত পাল, অঞ্জন সাহা, শংকর দাস, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল , ইসমাইল হোসেন খোকন, বেলাল আহমেদ, মিজানুর রহমান,গনেশ কর্মকার ,অভিজিৎ সেন, সুমন রায়, সুবল কর্মকার, মৃদুল সেন, সৃজন দাস, অভিজিৎ চৌধুরী প্রমুখ। পবিত্র গীতা পাঠ করেন নয়াসড়ক মান্ডবের পুরোহিত অলোক ভট্টাচার্য।