শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
৩ ফেব্রুয়ারী ২০ ১৯
১০ :১৬ অপরাহ্ণ

বালাগঞ্জে ছাত্রদল নেতার উপর হামলা

বালাগঞ্জে এক ছাত্রদল নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত ছাত্রনেতা শেখ ইকবাল হাসান বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাড়িয়ার গাও গ্রামে ছাত্রদল নেতা ইকবালের বাড়িতেই এই হামলার ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা ছাত্রদল নেতা ইকবাল হাসানের পিতা শেখ ইসরাব আলীকেও ব্যাপক মারধর করে আহত করে।

হামলায় আহত ছাত্রদল নেতা ইকবাল হাসান অভিযোগ করেন- গতকাল সোমবার রাত ১০টায় স্থানীয় ছাত্রলীগের একদল নেতাকর্মী ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলতাবুর রহমানের নেতৃত্বে আমাদের বাড়ির সামনে অবস্থান নেয়।

সেখানে তারা আমার বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দেয়। এরপর, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের তিনটি বসত ঘরে ব্যাপক ভাংচুর করে। পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে আমাকে প্রাণনাশের উদ্দেশ্যে দেশি অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

ঘটনাস্থলে আমার বাবা আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তারা আমার বাবাকেও কিল-গুষি মেরে মাটিতে ফেলে যায় এবং আমি তৎক্ষনাৎ দৌঁড়ে পালিয়ে যাই।

ইকবাল হাসান বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের বাড়ির সামনে অবস্থান নিলে আমি স্থানীয় মেম্বার ও আওয়ামী লীগ নেতা আলতাবুর রহমানকে একাধিকবার ফোন করি।

কিন্ত তিনি আমার ফোন ধরেননি। পরে জানতে পারি মেম্বার আলতাবুর রহমানের নেতৃত্বেই ছাত্রলীগের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই হামলা চালিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় ইউপি সদস্য আলতাবুর রহমানের মোবাইলে কল দিলে তিনি বলেন, গতকাল আমি এলাকায় ছিলাম না। তাদের অভিযোগ একেবারেই মিথ্যা ও বানোয়াট।

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, ঘটনাটি আমি শুনেছি। স্থানীয়ভাবে সেখানে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে।

বিষয়টি আমি দেখবো। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ বিষয়টি আমি শুনেছি, এখানে তাদের পারিবারিক ঝামেলা আছে। হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ