৮:১৫ অপরাহ্ণ
কমলগঞ্জে দীর্ঘ আট বছর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি চা শ্রমিকরা
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিচ্ছেন চা শ্রমিকরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের কমলগঞ্জসহ দেশের বিভিন্ন চা বাগানে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল থেকেই নারী-পুরুষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সকাল থেকে বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রে দেখা গেছে, তীব্র শীত উপেক্ষা করে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন শ্রমিকরা।
প্রার্থীদের পোস্টার, ব্যানার ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল চা বাগান এলাকা। শ্রমিক ভোটাররা জানিয়েছেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নিজেদের ন্যায্য দাবিদাওয়া ও অধিকার আদায়ে শক্তিশালী নেতৃত্বের অভাব অনুভব করছিলেন তারা।
এবার ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে।
এবারের নির্বাচনে প্রায় ১ লাখ ৪৫ হাজার চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০টি পদ, সাতটি ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েতের ৬০০টির বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কমলগঞ্জ উপজেলার ২৩টি পঞ্চায়েতে মোট ভোটার ১৪ হাজার ৪শত ৩০ জন। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি চা বাগানের ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স মাঠে টহল দিচ্ছেন।
এদিকে জাল ভোটের অভিযোগ এনে মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে স্কুল সেন্টারে দুই প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট গ্রহণ বন্ধ করে দেয়। এ কারণে ভোট কেন্দ্রে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই প্রার্থী ভোট গ্রহণ স্থগিত করে পুনরায় নতুন করে ভোট গ্রহণের দাবী তুলেন।
এ নিয়ে মাইক প্রতিকের প্রার্থী রাজকুমার কানু ও ঘোড়া মার্কা প্রতিকের প্রার্থী দীপকুমার একত্রিত হয়ে টিউবওয়েল প্রতিকের প্রার্থী অর্মিত রজকের বিরুদ্ধে অবস্থান নিলে উভয় পক্ষ ও তাদের সমর্থকদের মাঝে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
খবর পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার, কমলগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামসহ স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তিন প্রার্থীর সাথে দফায় দফায় আলোচনা শেষে রাত সাত টার দিকে ভোট গণণার কাজ শুরু করা হয়। এদিকে দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তা বরাবরে ভোট বাতিল করে পুনরায় নতুন ভাবে ভোট গ্রহণের আবেদন করেছেন বলে জানা যায়।
এব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার বলেন জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দলই চা বাগানে তিন প্রার্থীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই প্রার্থীর করা রিটার্নিং কর্মকর্তা বরাবরে ভোট বাতিলের আবেদন পত্র গ্রহণ করে পরে তিন প্রার্থীর সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে ভোট গণণার কাজ শুরু করা হয়।