৩:২৯ অপরাহ্ণ
মৌলভীবাজারের সিভিল সার্জন মামুনুর রহমান ওএসডি, দায়িত্বে জাকির হোসেন
মৌলভীবাজারের সিভিল সার্জন (ইনসিটু) ও উপপরিচালক ডা. মো. মামুনুর রহমানকে ওএসডি করা হয়েছে। তাঁকে বদলি করে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত রাখা হয়েছে।
একই সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জাকির হোসেনকে জেলার সিভিল সার্জনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা মামুনুর রহমানকে (কোড নম্বর ৪৩৯৯৪) স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে জাকির হোসেনকে (কোড নম্বর ১৩৩৪২৪) সিভিল সার্জনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ৩০ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। এর মধ্যে যোগ না দিলে ১ অক্টোবর তাঁরা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।