রবিবার, জুন ৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
৭ জুন ২০ ২৬
৫:৫৭ অপরাহ্ণ

কমলগঞ্জ সাংবাদিকদের মুখোমুখি নবাগত ওসি! অপ'রাধ দমনে চাইলেন কলম সৈনিকদের সহযোগিতা

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মা'দক নির্মূল ও অপ'রাধ দমনে স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন। গত শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন। নবাগত ওসি কমর উদ্দিন বলেন,পুলিশ এবং সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের চিত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই উঠে আসে।

পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও মাদকসহ সকল অনিয়ম দূর করা সম্ভব। তিনি আরও বলেন, কমলগঞ্জ থানাকে একটি জনবান্ধব ও দালাল মুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে আইনি সেবা পেতে পারে তা নিশ্চিত করা হবে। কোনো অপরাধী বা মাদক কারবারিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

পুলিশের একার পক্ষে সমাজ থেকে সব অপরাধ দূর করা সম্ভব নয়। তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, সঠিক তথ্য পেলে অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে কমলগঞ্জে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকার যানজট, জুয়া, মাদক ব্যবসা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমসাময়িক সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সমকালের কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সিনিয়র সদস্য বিশ্বজিৎ রায়, মোস্তাফিজুর রহমান, শাব্বীর এলাহী, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, জয়নাল আবেদীন, এম এ ওয়াহিদ রুলু আলম, যুগ্ম-সম্পাদক আহাদ মিয়া, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জের সভাপতি সাংবাদিক আব্দুস সালাম, মাহিদুল ইসলাম, শাহাব উদ্দিন, রাজন আবেদীন, রাজু দত্ত, মুমিনুল ইসলাম,এস,আই আমির উদ্দিন প্রমূখ। এসময় কমলগঞ্জ প্রেসক্লাবে রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ