১০ :০ ৮ অপরাহ্ণ
কমলগঞ্জে বনজ গাছের সাথে এ কেমন শত্রুতা
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নছরতপুর গ্রামে মালিকানা জায়গায় রাতের আঁধারে রোপনকৃত শতাধিক বনজ গাছের চারা কেটে ফেলে শত্রুতা মেটালো দুর্বৃত্তরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভাধীন নছরতপুর এলাকার শ্মশানঘাট দিয়ে একটি রাস্তা করা নিয়ে মৃত অকিল মালাকারের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় একটি মহলের বিরোধ চলছে। মঙ্গলবার দিবাগত রাতের আাঁধারে নছরতপুর এরাকার শ্মশান সংলগ্ন ইন্দ্রজিত মালাকারের মালিকাধীন জায়গায় রোপিত শতাধিক বনজ গাছের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা।
এতে ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে গাছের মালিক ইন্দ্রজিত মালাকার দাবী করেন। খবর পেয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনসার শোকরানা মান্না সরেজমিন পরিদর্শন করেন।
এ ঘটনায় ইন্দ্রজিত মালাকার বাদী হয়ে বুধবার বিকালে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, সকাল থেকে একটি মামলার কাজে বাহিরে রয়েছি, তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।