৮:২১ অপরাহ্ণ
কমলগঞ্জে সিঁড়ির নিচ থেকে বেড়িয়ে আসলো ৫টি বিষধর ‘মনোক্লেড কোবরা’র ছানা
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে পানিশালা এলাকার জাপান প্রবাসী মুজাহিদ আলীর বসতঘরের সিঁড়ির নিচ থেকে এ বিষাক্ত সাপের ছানাগুলোকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জাপান প্রবাসী মুজাহিদ আলীর বাসতঘরের সিঁড়ির নিচে বেশ কয়েকটি সাপের ছানা দেখতে পান পরিবারের সদস্যরা। এতে বাসার সবার মাঝে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। পরে তারা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো সমাধান পাননি।
একপর্যায়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, সিঁড়ির নিচে থাকা সাপগুলো মনোক্লেড কোবরা, যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। পরে একে একে মোট ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়। মনোক্লেড কোবরা সাপ শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে অবমুক্ত করা হবে বলে জানা যায়।