৮:১৮ অপরাহ্ণ
সিলেটে দারুল ফালাহ মডেল মাদ্রাসার সিরাত কনফারেন্স সম্পন্ন
রাসুল (সা.)-এর আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, খ্যাতিমান আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়ন করকে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, শিক্ষা ও রাষ্ট্রীয় জীবন- সব ক্ষেত্রেই রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।
তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নগরীর সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টারে দারুল ফালাহ মডেল মাদ্রাসা সিলেট আয়োজিত বর্ণাঢ্য সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে দারুল ফালাহ মডেল মাদ্রাসা আয়োজিত সপ্তাহব্যাপী সিরাত ক্যাম্পেইনের কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আলী হাসান উসামা বলেন, বর্তমান প্রজন্মকে রাসুল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সীরাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ তৈরি করে তাদের নৈতিক ও আদর্শিক গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। দারুল ফালাহ মডেল মাদ্রাসা সিলেটের ইনচার্জ নুরুল হুদা আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলকলি ফুড প্রোডাক্টস-এর ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. হুসাইন আহমেদ, দারুল ফালাহ মডেল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মাদ্রাসার এমডি আবদুল্লাহ আল মাহমুদ, আব্দুল হালিম ও মাসুম বিল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে মহানবী (সা.)-এর সীরাতবিষয়ক আরবি ও ইংরেজি বক্তব্য এবং একক ও যৌথ সংগীত পরিবেশন করা হয়। পরে সিরাত ক্যাম্পেইনের কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নতি এবং মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।