১১:৩৫ অপরাহ্ণ
ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিলেটের জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসায় আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মাদ্রাসার হবিবিয়া ছাত্র সংসদ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে সকাল ১১টায় মাদ্রাসার কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মুবারক র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে হাজারো আশিকে রাসুলের অংশগ্রহণে নাতে রাসুলের সুরে মুখরিত হয়ে ওঠে জকিগঞ্জের রাজপথ। বিভিন্ন কালজয়ী শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন র্যালির শোভা বাড়ায়। র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু সাঈদ মো. আশিক ও কেন্দ্রীয় সদস্য আহমদ আল মনজুর। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন আইমান।
মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীম ও হবিবিয়া ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাস্টার নজরুল ইসলাম, তালামীয নেতা মুয়াজ উদ্দিন, আমজাদ হোসেন, কামরুল ইসলাম, তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি হাছিব তাপাদার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক জিএস মিছবাহ উদ্দিন চৌধুরী, কামিল জামাতের শিক্ষার্থী রুহুল আমিন, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী সায়েক আহমদ চৌধুরী ও আলিম জামাতের শিক্ষার্থী তাহমিদুর রহমান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, অন্ধকারে মগ্ন পৃথিবীতে মানবতা ও শান্তির পয়গাম নিয়ে আগমন করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। তিনি ছিলেন জগতবাসীর জন্য আল্লাহর রহমত। তাঁর আগমনে আঁধার দূর হয়ে উদিত হয়েছিল নতুন সূর্য। সম্প্রীতি ও ভালোবাসার মাধ্যমে মানুষ পেয়েছিল নতুন পথের সন্ধান। তারা বলেন, যে মহামানবের সংস্পর্শে মাস, দিন ও স্থানের সম্মান বেড়ে যায়, সেই নবীর আগমনের মাসকে সম্মান জানানো এবং তাঁর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতেই সীরাত আলোচনা ও মুবারক র্যালির আয়োজন।
নবী বিদ্বেষীদের বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নিয়ে রাসুল (সা.)-এর প্রতি সর্বোচ্চ মুহাব্বাতের নজরানা পেশ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবী (সা.)-এর উত্তম আদর্শ পূর্ণাঙ্গভাবে অনুসরণ ও অনুশীলন করতে হবে। শিক্ষার্থী আহমদ আল আমানের কোরআন তেলাওয়াত, আমান আহমদের নাতে রাসুল এবং হবিবিয়া শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি রিয়াদুর রহমান চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সভাপতি মাজেদুল হক চৌধুরী, বিশিষ্ট যুবনেতা মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মুকিত, সাবেক সিলেট জেলা যুবদল নেতা এম এ করিম, মনজুর আলম, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী।