১১:৪৩ অপরাহ্ণ
ধর্মপাশায় সাগর মিয়া করোনা জয় করায় তাঁর বাড়িতে উপহার পাঠালেন ইউএনও
ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের দিনমজুর লকেট মিয়ার ছেলে এ উপজেলার প্রথম করোনাজয়ী শিশু সাগর মিয়ার (১৩) বাড়ীতে বেলা আড়াইটার দিকে করোনাজয়ী সাগর মিয়ার জন্য একটি নতুন সার্ট, একটি প্যান্ট, একটি ক্রিকেট ব্যাট -বল, একটি ফুটবল ও ১০কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সোয়াবিন তেল, একটি সাবান ও এক কেজি লবন পাঠানো হয়েছে।
আজ রোববার (১৭এপ্রিল) বেলা আড়াইটার দিকে স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মো. মুনতাসির হাসান এসব সামগ্রী ওই শিশুর বাড়িতে পাঠিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের লকেট মিয়ার ছেলে সাগর মিয়া (১৩) করোনায় আক্রান্ত ছিলেন। গত শুক্রবার তাঁর নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয়, আক্রান্ত ওই শিশুর ফলাফল নেগেটিভ এসেছে। তবে আক্রান্ত হওয়ার আগে তার শরীরের করোনার কোনোরকম উপসর্গ ছিল না। ধর্মপাশা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ইউএনও স্যারের নির্দেশে করোনাজয়ী এই কিশোরের বাড়িতে নতুন জামা ও খেলাধূলার উপকরণ এবং খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। এ গুলো পেয়ে সে খুবই খুশি হয়েছে।
ইউএনও মো.মুনতাসির হাসান বলেন, করেনায় আক্রান্তদের মনোবল সবসময় শক্ত রাখতে হবে। ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। এ উপজেলায় প্রথম করোনাজয়ীকে কিছু উপহার ও খাদ্য সামগ্রী পাঠিয়েছি। এ উপজেলায় আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা কর্যক্রম অব্যাহত রয়েছে।