১:২৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে -- মিজান চৌধুরী
সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এধরনের উদ্যোগ সময়োপযোগী। তিনি প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাদ্দের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মিতব্যয়িতার সঙ্গে দেশ পরিচালনা করে জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। দেশ এগিয়ে যাবে।
স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনকল্যাণ নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করে যাবে। তিনি মঙ্গলবার (১৩ অক্টোর) দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের উদোগে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে ৯৫টি প্রকল্পের অনুকূলে ২ কোটি ৯৫ লক্ষ টাকার চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের হাতে তুলে দেন তিনি।
একইসঙ্গে ১৪টি প্যাকেজে ২ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, কবরস্থান, সামাজিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পাকা রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণে এসব বরাদ্দ দেওয়া হয়েছে।
এসহায়তার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শমর কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।