২:১৬ অপরাহ্ণ
জকিগঞ্জের ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের সমস্যা সমাধানে বৃহস্পতিবার সভা
সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজারের ঐতিহ্যবাহী ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়কে ঘিরে সৃষ্ট অভ্যন্তরীণ জটিলতা ও ভুল-বোঝাবুঝি নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সিলেট শহরে অনুষ্ঠিত এক আলোচনাসভায় পারস্পরিক মতবিনিময়ের পর আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আলোচনার মাধ্যমে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান ও সার্বিক উন্নয়নের পথ সুগম হবে।
গত ১৯ অক্টোবর দিবাগত রাতে সিলেট শহরে অনুষ্ঠিত এ আলোচনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি, মূল্যবান মালামাল চুরির অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আলোচনায় পারস্পরিক ভুল-বোঝাবুঝি নিরসন এবং বিদ্যালয়ের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমদ বলেন, গত রাতে সিলেট শহরে এ বিষয়ে তাঁরা আলোচনায় বসেছিলেন।
তাঁদের মধ্যে পারস্পরিক আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এলাকার অভিভাবকদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এর পর থেকে আর কোনো ভুল-বোঝাবুঝি থাকবে না।
এ প্রসঙ্গে ছাত্রদল নেতা মিলন তালুকদার বলেন, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়কে ঘিরে তাঁদের মধ্যে কিছু অভিযোগ, অভিমান ও মনোমালিন্য ছিল। তবে এলাকার শ্রদ্ধেয় বড় ভাইদের সঙ্গে আন্তরিকভাবে আলোচনার সুযোগ হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাঁরা অনেক বিষয়ে একমত হতে পেরেছেন।
সবার আন্তরিকতা, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলোর সুন্দর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মিলন তালুকদার আরও বলেন, তাঁরা সবাই একই এলাকার মানুষ। মতের অমিল থাকলেও এলাকার সম্মান ও সুনাম অক্ষুণ্ণ রাখা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে এলাকার কল্যাণে কাজ করা সবার লক্ষ্য হওয়া উচিত।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সহযোগিতা করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। বিএনপি নেতা এমাদ উদ্দিন এনাম বলেন, আগামী বৃহস্পতিবারের সভায় বিদ্যালয়কে ঘিরে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশাবাদী। সবার লক্ষ্য বিদ্যালয়ের উন্নয়ন।
পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে শিক্ষাপ্রতিষ্ঠানটির অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় এলাকার অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সবার মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো নিরসন এবং সার্বিক উন্নয়নে করণীয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এদিকে, আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর আগপর্যন্ত বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে লেখালেখি বা প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে বিদ্যালয়কে ঘিরে সৃষ্ট জটিলতার অবসান হবে।