১১:২৫ অপরাহ্ণ
শাবিপ্রবিতে সুনামগঞ্জ স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবীনদের বরণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ প্রোগ্রাম করেছে সুনামগঞ্জ স্টুডেন্ট’স এসোসিয়েশন অব সাস্ট। নবীনবরণ শেষে একটি জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক সন্ধ্যায় সুনামগঞ্জের লোকসংগীত ও লোকসংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে গীতিকবি হাসন রাজা, রাধারমণ দত্ত ও বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করা হয়।
পাশাপাশি সুনামগঞ্জের লোক ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ধামাইল গান ও নৃত্য পরিবেশন করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের এ বিল্ডিংয়ের ১২৯ নং (গ্যালারি রুম) কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে সকল শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জ স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাগর মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও সুনামগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুখলেছুর রহমান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট শামীম, শাবিপ্রবির অ্যাডিশনাল লাইব্রেরিয়ান মতিউর রহমান খান, ডেপুটি লাইব্রেরিয়ান সেবিকা সুলতানা, ইবনে সিনা রিকাবীবাজার শাখার ইনচার্জ রেজাউল করিম, শাবিপ্রবির ফিজিক্যাল ইন্সট্রাক্টর শরীফ সোহাগ, জনসংযোগ কর্মকর্তা জুনেদ আহমেদ এবং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাদিকুর রহমান সাদিকসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।
প্রধান অতিথি অধ্যাপক ড. সাইফুল ইসলাম বক্তব্যের শুরুতেই সুনামগঞ্জ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পরে নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘তোমরা নিজেরা ভালো মানুষ হবে।
নিজেদের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলবে এবং জীবনে যে অবস্থানেই যাও না কেন, সততা, মানবিকতা ও নৈতিকতাকে সবসময় ধারণ করবে। নিজেদের জন্য ও পরিবারের জন্য নিজেকে যোগ্য করে তুলবে। তবেই সমাজ ও দেশ উপকৃত হবে।’’